হয়ত কোনদিন

by Shubhra Nilanjona | April 3, 2014 4:50 am

হয়ত কোনদিন দেখা হয়ে যাবে

তোমার আমার চির চেনা পথে ।

কোন এক বৈশাখের রমনার বটমূলে

অথবা ষ্টেশনে আছি একই ট্রেনের জন্য দাঁড়িয়ে।।

হয়ত একদিন দেখা হয়ে যাবে

শপিং মল এ অথবা চিড় চেনা রেস্তোরাঁয়

তুমিও মুখ ফিরিয়ে নিলে আমিও ,

হয়ত হু হু করা কয়েক মুহূর্ত ।।

অথবা দীর্ঘশ্বাসে ভেবে নিব, আমাদের

দেখা হয়েছিল কবে কোথায় কোন প্রাচীন

সভ্যতার ধ্বংসস্তূপে কিংবা সিন্ধু নদের পাড়ে।।

সে সব কথা ভুলে চলে যাব আমরা

দৈনন্দিন জীবনের টুকিটাকি সেরে

না চেনার ভান করে পরস্পর থেকে দুরে ।।

হয়ত কোনদিন দেখা হবে না আর ,

মাঝপথে থমকে দাঁড়াব না কোনকালে

চকিতে চোখ তুলে তাকাব না অপলকে।।

হয়ত দেখা হবে, হয়ত হবে না

এভাবেই কিছু অমীমাংসিত ভুল

বুঝাবুঝি নিয়ে চলে যাব আমরা

কিছু না বলে, না ফেরার দেশে।


Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2014/%e0%a6%b9%e0%a7%9f%e0%a6%a4-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/