by Abhilash Tripura | August 15, 2017 12:49 am
জাতিসংঘ আন্তর্জাতিক আদিবাসী দিবস ও আদিবাসী অধিকারবিষয়ক জাতিসংঘ ঘোষণাপত্রের এক দশক উপলক্ষে গত রবিবার ১২ আগস্ট সিডনীতে প্রবাসী বাংলাদেশের আদিবাসীরা মিলিত হন। গারো অস্ট্রেলিয়ান সোসাইটির আয়োজনে ও পার্বত্য চট্টগ্রাম ইনডিজিনাস জুম্ম এসোসিয়েশন অস্ট্রেলিয়া এর সহযোগীতায় অনুষ্ঠিত এই দিনব্যাপী অনুষ্ঠানে ছিল আলোচনা পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আদিবাসী খাবার।
[1]ছবি: দিবস দেওয়ান
[2]ছবি: দিবস দেওয়ান
সাবেক অস্ট্রেলিয়ান ফেডারেল পারলামেনটারিয়ান লরী ফারগুশন এই উৎসবের উদ্বোধন করেন । মাইকেল রাংসার সভাপতিত্বে এবং টূরি ম্রং ও সালগিরা ম্রং এর যৌথ সঞ্চালনায় আদিবাসী দিবসের তাৎপর্য ও আদিবাসীদের মানবাধিকার বিষয়ে আন্তর্জাতিক ও বাংলাদেশ প্রেক্ষাপটে মূল বক্তব্য উপস্থাপন করেন অভিলাষ ত্রিপুরা। আলোচনায় অংশ নেন গসিরাম রেমা, জেকব খ্যাং, সাবেক সিটি কাউন্সিলর প্রবীর মৈত্র, সাংবাদিক ও পরিব্রাজক ফজলুল বারী ও প্রিয় অস্ট্রেলিয়ার শাহাদাত মানিক। “জ্বলে উঠবনা কেন?” শীর্ষক ২০ বছর আগের নিজের রচিত কবিতাটি চাকমা, বাংলা ও ইংরেজী এই তিনটি ভাষায় আবৃত্তি করেন কবিতা চাকমা। বক্তাগন আদিবাসীদের মানবাধিকার বাস্তবায়নের জন্য রাষ্ট্র ও আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে বিশ্বাস ও ইতিবাচক আলোচনার উপর গুরুত্ব আরোপ করেন । পাশাপাশি দেশের মূলধারার জাতিগোষ্ঠীর সদস্যদের আদিবাসীদের সংস্কৃতি ও জীবনযাপন প্রণালী নিয়ে অবহিত হওয়ার ও আদিবাসীদের সকল সমস্যাকে অন্তর থেকে অনুভব করা উচিত এই অভিমত দেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে গারো, ত্রিপুরা, চাকমা, বাংলা ও ইংরেজীতে সংগীত ও নৃত্য পরিবেশন করেন প্রবাসী আদিবাসী শিল্পী বৃন্দ।
[3]ছবি: দিবস দেওয়ান
[4]ছবি: দিবস দেওয়ান
১৯৯৪ সাল থেকে প্রতি বছর ৯ ই আগস্ট জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। এদিন পৃথিবীর ৯০ টি দেশের ৩৭ কোটি আদিবাসীদের বৈচিত্র্যময় ও সমৃদ্ধ সংস্কৃতিকে সন্মান প্রদর্শন করা হয়। তাছাড়া এদিন আদিবাসীদের দৈনন্দিন দুঃখ কষ্ট ও সংগ্রামী জীবনের বাস্তবতা ও তাদের প্রতি রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থা সমূহের দায়িত্বের বিষয়ে আলোকপাত করা হয়। বাংলাদেশে ৪৫ টি ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতির আদিবাসী জাতিসমূহ বাস করে যাদের বাস মূলতঃ পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, কুমিল্লা, বৃহত্তর সিলেট, বৃহত্তর ময়মনসিংহ, উত্তর বঙ্গ ও উপকূলের পটুয়াখালী ও খুলনায়।
[5]ছবি: দিবস দেওয়ান
Source URL: https://priyoaustralia.com.au/articles/2017/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac-2/
Copyright ©2026 PriyoAustralia.com.au unless otherwise noted.